জাতীয়
দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে ৩ বই রাখার নির্দেশ
দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের লাইব্রেরিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা তিনটি বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বইগুলো কিনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লাইব্রেরিতে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলামের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রধানদের বই সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা তিনটি বই হলো-‘প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’। বইগুলো জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত।
চিঠিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার প্রকাশিত বইগুলোর এক সেট করে সংগ্রহ ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট দপ্তর ও অধিদপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠির সূত্র হিসেবে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার একটি পত্রের উল্লেখ রয়েছে। ঢাকার ১১/১ বাংলাবাজারের ইসলামী টাওয়ারে অবস্থিত প্রকাশনা সংস্থাটির পক্ষ থেকে গত ২৩ আগস্ট ওই পত্র পাঠানো হয়েছিল বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনাটি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
এ ছাড়া জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং নিমিউ অ্যান্ড টিসিকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
চিঠিতে বইগুলো কেনা ও লাইব্রেরিতে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হলেও এ জন্য নির্দিষ্ট কোনো বাজেট, অর্থ বরাদ্দ কিংবা ক্রয়প্রক্রিয়ার বিস্তারিত উল্লেখ করা হয়নি। ফলে বইগুলো সংগ্রহের ব্যয় কীভাবে নির্বাহ করা হবে, সে বিষয়ে চিঠিতে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।