জাতীয়
হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনে গিয়ে নিজ কক্ষে এক চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশের পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে যান প্রধানমন্ত্রী। সেখানে ওই চিকিৎসককে ধূমপান করতে দেখেন তিনি। এ ছাড়া চিকিৎসকের কক্ষটিও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে এমন পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন সরকারপ্রধান।
এ ঘটনায় প্রধানমন্ত্রী হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
হাসপাতাল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চিকিৎসক, নার্সসহ হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন।
শিশুদের চিকিৎসাসেবায় নিয়োজিত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্বশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নত করা এবং রোগীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন তিনি।