জাতীয়

মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, পথচারীদের সঙ্গে কথা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম

মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, পথচারীদের সঙ্গে কথা
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সাধারণ পথচারীদের সঙ্গে কথা বলে তাদের চলাচলের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুর-১০ এলাকায় সরেজমিনে পরিদর্শনে যান। তাঁর সরকারি প্রেস সচিব একেএম নাজমুল হক এ তথ্য জানান।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর তাদের চলাচলে কতটা সুবিধা হয়েছে। পাশাপাশি বর্তমানে ফুটপাত দিয়ে হাঁটতে গিয়ে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন তিনি। নগরীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষ কোনো ভোগান্তিতে পড়ছেন কি না, তা জানতে পথচারীদের মতামত শোনেন প্রধানমন্ত্রী।

এ সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার বিষয়ে অবগত হন তিনি। ফুটপাত দিয়ে চলাচলের ক্ষেত্রে মানুষের কী ধরনের সমস্যা হচ্ছে, তা বোঝার পাশাপাশি সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখা, অবৈধ দখল ও চলাচলের প্রতিবন্ধকতা দূর করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। নগরীর ব্যস্ত এলাকাগুলোতে পথচারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।

মিরপুর-১০ এলাকায় প্রধানমন্ত্রীর এই পরিদর্শনে ফুটপাত ব্যবস্থাপনা, জনসাধারণের চলাচলের সুবিধা এবং নগরীর সড়কশৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব পায়। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে ফুটপাত পথচারীদের ব্যবহারের উপযোগী রাখার ওপর জোর দেওয়া হয়।