জাতীয়

সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করছে বিএনপি: স্বাস্থ্যমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পিএম

সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করছে বিএনপি: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিএনপি সরকার সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব ধর্মের মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের তামাককান্দা গ্রামে নিজের বাসভবনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, এবারের দুর্গাপূজা বিএনপি সরকারের আমলে প্রথম পূজা। এ উপলক্ষে সরকার সব দিক থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিচ্ছে। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে থাকার কথা জানিয়ে তিনি বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব ধর্মের মানুষ যেন একই ছাতার নিচে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর এবার দুর্গাপূজায় সর্বোচ্চ আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করা হয়েছে বলে তিনি মনে করেন। পাশাপাশি অসহায় মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশে অতীতেও ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশ্বাস দেন তিনি।

পূজার নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে পূজা উদযাপনে সহযোগিতা করছেন।

সভায় বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে এবং মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় বক্তব্য ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সদস্যসচিব এম এ কাদের জলিল, মনোহরদী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজিব রায়, সাধারণ সম্পাদক সুকোমল মোদকসহ স্থানীয় বিএনপি ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা।

মতবিনিময় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে মনোহরদী ও বেলাব উপজেলার ৮০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এ সময় পূজা উদযাপনে সহযোগিতা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।