জাতীয়

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পিএম

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
ছবি: সংগৃহীত

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে পরিদর্শনকালে তিনি কলেজের বটতলায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় দেশকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারের একার পক্ষে দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব নয়। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, তোমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪ সালের আন্দোলন সফল করেছিলে। এটি কোনো একক দলের আন্দোলন ছিল না, সবাই মিলে তা সফল করেছিল। তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব, যা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তবে শুধু আন্দোলন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। দেশ পুনর্গঠন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার কাজেও তরুণদের এগিয়ে আসতে হবে।

ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর দূষিত বাতাস বিশেষ করে শিশুদের জন্য নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সবাইকে জন্মদিনে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

দেশকে পরিচ্ছন্ন ও সবুজ করার উদ্যোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমরা আগামী দিনের দেশের রূপকার। তোমাদের কাছে আমার দুটি আবেদন, দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটি তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।

বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, তিনি নিজে এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকো ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

প্রতিষ্ঠানটির প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।