জাতীয়
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। শনিবার তিনি ঢাকায় প্রত্যাবর্তন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরের প্রথম ধাপে অস্ট্রেলিয়ার পার্থে আয়োজিত ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’ এ অংশ নেন সেনাপ্রধান। এরপর তিনি মেলবোর্নের ডিকিন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়টিতে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে শিক্ষা, প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণায় পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক একাডেমিক বিনিময় জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি।
অস্ট্রেলিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যান সেনাপ্রধান। সেখানে তিনি ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’ এ অংশ নেন। এটি আন্তর্জাতিক সামরিক অঙ্গনের অন্যতম বৃহৎ আয়োজন।
সফরজুড়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা, সামরিক নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গঠনমূলক আলোচনায় অংশ নেন। পাশাপাশি দেশ দুটির কয়েকটি সামরিক স্থাপনাও সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
সামরিক বিশেষজ্ঞদের মতে, সেনাপ্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পেশাগত সম্পর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত সেনা কমান্ডের সঙ্গে আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় ও পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে।