জাতীয়

আমি তো আর গুলি করি নাই, ওটা নিয়ে কাউকে ভয়ও দেখাই নাই: প্রতিমন্ত্রী ইশরাক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:২০ পিএম

আমি তো আর গুলি করি নাই, ওটা নিয়ে কাউকে ভয়ও দেখাই নাই: প্রতিমন্ত্রী ইশরাক
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের হাতে পিস্তল নিয়ে কয়েকজনকে ধাওয়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার বিকেলে রাজধানীর গেণ্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে তাঁর ফেসবুক পেজের একটি পোস্টে উল্লেখ করা হয়েছে।

আরেকটি ভিডিওতে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দিতে দেখা যায়। ওই ভিডিওতে প্রতিমন্ত্রী ইশরাকের সঙ্গে থাকা আরও দুই ব্যক্তির হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে।

ঘটনাস্থলে থাকা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল শিকদার জানান, স্থানীয় বাসিন্দাদের বারবার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বিকেল ৩টার দিকে সেখানে গিয়েছিলেন। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে বলে দাবি করেন তিনি।

এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিমন্ত্রী ইশরাকের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এর মধ্যে রয়েছে, তাঁর হাতে থাকা অস্ত্রটি বৈধ কি না। অস্ত্রটি বৈধ হলেও একজন প্রতিমন্ত্রী এভাবে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে পারেন কি না, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযান পরিচালনার দায়িত্ব পুলিশের হলেও একজন প্রতিমন্ত্রীকে কেন এভাবে অভিযানে অংশ নিতে হলো, তা নিয়েও আলোচনা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচলিত ব্যবস্থাকে কার্যকর না করে এ ধরনের অভিযান পরিচালনা কতটা গ্রহণযোগ্য, সে প্রশ্নও সামনে এসেছে।