জাতীয়

স্বাস্থ্য কার্ড চালুতে জনমত ও উদ্ভাবনী ধারণা নিতে ‘ই-হ্যাকাথন’ শুরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পিএম

স্বাস্থ্য কার্ড চালুতে জনমত ও উদ্ভাবনী ধারণা নিতে ‘ই-হ্যাকাথন’ শুরু
ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সর্বজনীন ‘স্বাস্থ্য কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করে তুলতে ‘ই-হ্যাকাথন’ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

রোববার (১৮ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য কার্ড চালুর প্রক্রিয়াকে আরও সুসংহত করার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের সংস্কার ও উন্নয়নে সাধারণ মানুষের মতামত এবং নতুন নতুন উদ্ভাবনী ধারণা সংগ্রহের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ‘ই-হ্যাকাথন’-এর মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের কাছ থেকে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা সমাধান এবং ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে পরামর্শ নেওয়া হচ্ছে। এ কার্যক্রমে তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনার পাশাপাশি স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আগামীর ডিজিটাল স্বাস্থ্য অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে তরুণ প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে সাধারণ মানুষের বাস্তবসম্মত পরামর্শ স্বাস্থ্য কার্ডের কার্যক্রমকে আরও সহজ, কার্যকর ও জনবান্ধব করে তুলতে সহায়তা করবে।

তিনি আরও জানান, আগ্রহী যে কেউ অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এ উদ্যোগে অংশ নিতে পারবেন। স্বাস্থ্য খাতের উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং স্বাস্থ্য কার্ডের কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে নিজেদের মতামত ও সুনির্দিষ্ট প্রস্তাব সরাসরি সরকারের কাছে তুলে ধরার সুযোগ থাকছে।

ড. এম এ মুহিত বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে নতুন প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর কার্যকর সমাধান খুঁজে বের করা সহজ হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ই-হ্যাকাথনে অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সাধারণ মানুষ যাতে সহজেই এ কার্যক্রমে যুক্ত হতে পারেন এবং কোনো জটিলতা ছাড়াই নিজেদের মতামত জানাতে পারেন, সে লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্মটি সহজবোধ্যভাবে তৈরি করা হয়েছে।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে জনসাধারণের মতামত, তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও প্রযুক্তিনির্ভর সমাধানকে কাজে লাগিয়ে একটি আধুনিক, সমন্বিত ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।