জাতীয়
আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত
রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরিত হচ্ছে বাংলাদেশ সচিবালয়। এ লক্ষ্যে সেখানে নতুন সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ৩১ একর জমির ওপর নতুন সচিবালয় নির্মাণ করা হবে। পুরো প্রকল্পটি বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে। ২০২৯ সালে নতুন সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলেও জানান তিনি।
বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিসহ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
রোববারের এ বৈঠকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।