জাতীয়

মন্ত্রিসভা থেকে ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম

মন্ত্রিসভা থেকে ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে দেশজুড়ে আলোচনা ও সমালোচনার মুখে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তার এমন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচনা চলার মধ্যেই মন্ত্রিসভা থেকে তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে দাবি করেছে সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্র।

রোববার ১৮ অক্টোবর বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকারসংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে।

তবে রোববার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার ১৭ অক্টোবর বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েকজনকে আটক করার নির্দেশ দিচ্ছেন তিনি। এ সময় তার সঙ্গে থাকা দেহরক্ষীরাও কয়েকজনকে ধরতে এগিয়ে যান। ভিডিওতে একজনকে গুলি করার হুমকি দিতেও শোনা যায়। এ ছাড়া এক দেহরক্ষীকে এক তরুণকে লাথি মারতে দেখা যায়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছে, মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা ব্যক্তিগত অস্ত্র হাতে কাউকে আটক করতে পারেন কি না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো অভিযান পরিচালনার এখতিয়ার তাদের রয়েছে কি না।

এদিকে, এ ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনারকে। রোববার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা বিভাগ শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তদন্তে আইনের ব্যত্যয় পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।