জাতীয়
জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত: ডা. জুবাইদা রহমান
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার ১৮ অক্টোবর রাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
ডা. জুবাইদা রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত এই ফাউন্ডেশন বাংলাদেশের মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশীর্বাদ এবং তারেক রহমানের উদ্যোগ ও অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত সংগঠনটি মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, গত ২৭ বছরে মানবসেবার ছোট্ট চারাগাছ থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন আজ মহীরুহ হয়ে ওঠার পথে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে ফাউন্ডেশনের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই।
ডা. জুবাইদা রহমান বলেন, মানুষের জন্য মানুষ, একটু চেষ্টা, একটু উদ্যোগ, এই সংকল্প নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে। সংগঠনটি সব সময় বাংলাদেশের সর্বত্র প্রতিটি মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।
তিনি আশা প্রকাশ করে বলেন, বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশন ভবিষ্যতে সারা বিশ্বে মানবতার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার।
এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।