জাতীয়

দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ এএম

দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক
ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ দুপুর ২টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

স্ট্যাটাসে ইশরাক লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’

স্ট্যাটাসে আক্ষেপ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’

পদত্যাগের সিদ্ধান্তের কথা জানালেও মাদকের বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইশরাক। এ বিষয়ে তিনি লেখেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।’

তিনি আরও জানান, পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করা হবে। পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করার সুযোগ হবে বলেও উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে ইশরাক লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’