জাতীয়

আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পিএম

আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় অনুষ্ঠানে যোগ না দেওয়ায় বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেছেন, বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আধুনিকায়ন করা ওসমানী উদ্যানেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘নির্বাচনের আগে নিশ্চয়ই বর্তমান বিরোধী দল ও জনগণের কাছে গিয়েছে। আমরাও গিয়েছি। জনগণই সিদ্ধান্ত নিয়েছে, আগামী পাঁচ বছর কারা রাষ্ট্র পরিচালনা করবেন। সে হিসেবে তারা হয়তো বিএনপিকে সরকারে বসিয়েছে। আবার বিরোধী দলকেও সেভাবে সমর্থন দিয়েছে। আমরা মনে করি আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে।’

বর্তমান বিরোধী দল শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিরোধী দল অবশ্যই সরকারের বিরোধিতা করবে, তবে তা হওয়া উচিত গঠনমূলক।

তারেক রহমান অভিযোগ করেন, বিরোধী দল জুলাইকে ধারণ করে না। এ কারণে আমন্ত্রণ পেয়েও বিরোধীদলীয় নেতা ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেননি।

তিনি বলেন, ‘তাদের যদি আমাদের সঙ্গে একই মঞ্চে বসায় আপত্তি থাকে, চাইলে তো শহীদ পরিবারের সঙ্গেও বসতে পারতেন। অথচ তারা ভোট দেওয়ার কারণেই তো আমরা সরকারে, আর তারা বিরোধী দলে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।