জাতীয়

দুর্গাপূজার ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি নির্দেশনা, গ্রাহকদের প্রতি বিশেষ অনুরোধ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পিএম

দুর্গাপূজার ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি নির্দেশনা, গ্রাহকদের প্রতি বিশেষ অনুরোধ
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)। একই সঙ্গে বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে গ্রাহকদের যোগাযোগের জন্য দুটি হটলাইন নম্বরও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটিকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ডেসকোর আওতাধীন প্রি-পেইড মিটারের গ্রাহকদের আগেভাগেই পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করে রাখার অনুরোধ করা হচ্ছে। এতে ছুটির মধ্যে মিটারের ব্যালেন্স শেষ হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সুবিধা হবে।

ডেসকো কর্তৃপক্ষ জানায়, ছুটির সময়ে বিদ্যুৎ-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে কিংবা প্রয়োজনীয় তথ্য জানতে গ্রাহকেরা নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। এ জন্য ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

দুর্গাপূজার ছুটিতে ভোগান্তি এড়াতে গ্রাহকদের মিটারের বর্তমান ব্যালেন্স পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী রিচার্জ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ-সংক্রান্ত জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে হটলাইন নম্বর দুটি সংরক্ষণে রাখার আহ্বান জানিয়েছে ডেসকো।