জাতীয়
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে তাঁর অভিযান অব্যাহত থাকবে। তবে এখন থেকে সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালন করতে চান তিনি।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, তিনি ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। গত ১২ ফেব্রুয়ারি তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে প্রধানমন্ত্রী তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। সেই অনুযায়ী তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইশরাক বলেন, গত দুই দিন ধরে একটি বিষয় নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশিত হচ্ছে। ওই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতেই তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। এ সময় তিনি জানান, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। আলোচনায় তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।
ইশরাক হোসেন বলেন, তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, তাঁর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। তবে তাঁর কারণে যেন প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ও সরকারের কর্মকাণ্ড ম্লান না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে, সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছিলেন ইশরাক হোসেন। ওই পোস্টে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথাও উল্লেখ করেন।
পদত্যাগের ঘোষণা দিলেও মাদকের বিরুদ্ধে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন ইশরাক। তিনি বলেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।’
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি আরও জানান, মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করা হবে। একই সঙ্গে দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করার পরিকল্পনাও রয়েছে তাঁর।
সংবাদ সম্মেলনে মাদক নির্মূলের ওপর গুরুত্বারোপ করে ইশরাক হোসেন বলেন, তাঁর কাছে পদ-পদবির চেয়ে মাদক নির্মূলের কার্যক্রম বেশি গুরুত্বপূর্ণ। প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও মাদকের বিরুদ্ধে তাঁর কার্যক্রম থেমে থাকবে না বলে জানান তিনি।