জাতীয়

উদারতার নামে পূজায় অংশ নিলে মুসলমানের ঈমান থাকবে না, বায়তুল মোকাররমের খতিব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পিএম

উদারতার নামে পূজায় অংশ নিলে মুসলমানের ঈমান থাকবে না, বায়তুল মোকাররমের খতিব
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বসবাসরত অমুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। তবে উদারতার নামে কোনো মুসলমান পূজায় অংশ নিলে কিংবা পূজাকে সঠিক বলে মনে করলে তার ঈমান থাকবে না বলেও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি জুমার বয়ানে এসব কথা বলেন খতিব।

খতিব বলেন, ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ এবং একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা চাইলে তাওহীদে বিশ্বাসীদের অন্যান্য গুনাহ ক্ষমা করতে পারেন। তবে শিরককে তিনি মহাপাপ হিসেবে উল্লেখ করেন। এই শিরক থেকে মানুষকে বিরত রেখে তাওহীদের পথে পরিচালিত করতেই যুগে যুগে নবী ও রাসুলদের পাঠানো হয়েছে বলে বয়ানে উল্লেখ করেন তিনি।

অমুসলিমদের নাগরিক ও ধর্মীয় অধিকারের বিষয়ে মুফতি আব্দুল মালেক বলেন, দেশের অন্যান্য ধর্মের অনুসারীদের নিজ নিজ ধর্ম পালন করার অধিকার রয়েছে। তারা যেন নিরাপদে পূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে ব্যবস্থা করা রাষ্ট্রের সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তবে ধর্মীয় বিশ্বাসের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, কোনো মুসলমান যদি উদারতা বা নমনীয়তার নামে পূজায় অংশ নেন কিংবা পূজাকে সঠিক পথ হিসেবে স্বীকৃতি দেন বা সমর্থন করেন, তাহলে তার ঈমান থাকবে না। তার বক্তব্য অনুযায়ী, অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় বিশ্বাসের দিক থেকে শিরককে সমর্থন করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।

বয়ানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্ষমা ও সহনশীলতার দৃষ্টান্ত তুলে ধরেন খতিব। তিনি বলেন, তায়েফে চরম নির্যাতনের শিকার হওয়ার পরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্যাতনকারীদের ধ্বংস কামনা করেননি। বরং তাদের ভবিষ্যৎ প্রজন্মের হেদায়াতের আশা করেছিলেন, যেন তারা এক আল্লাহর ইবাদত করে এবং শিরক থেকে মুক্ত থাকে।

মুসলমানদের নিজ ধর্মের মৌলিক বিশ্বাস অক্ষুণ্ন রাখার পাশাপাশি সমাজে শৃঙ্খলা ও ন্যায়বিচার বজায় রাখার আহ্বান জানান তিনি।