জাতীয়

‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’, দুর্গাপূজার মণ্ডপে স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম

‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’, দুর্গাপূজার মণ্ডপে স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য না করা এবং প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করার সুস্পষ্ট বিধান রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে। সংবিধানে যা আছে আমরা তা বাস্তবায়ন করেছি এবং ভবিষ্যতেও করব।’

সোমবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে একটি পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ২৮ নম্বর অনুচ্ছেদে ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য না করার কথা বলা হয়েছে। সরকার এই বিধান বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতেও করবে। এ ছাড়া সংবিধানের ৪১ নম্বর অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন, উপাসনালয় পরিচালনা ও ধর্ম প্রচারের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি।’

ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাসিনার সময় বলা হতো, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু আমরা বলি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ প্রতিটি ধর্মের নিজস্ব বিশ্বাস ও আচার অনুষ্ঠান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্য ধর্মের মানুষের উচিত একে অপরের বিশ্বাসের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখা।

দুর্গাপূজার সরকারি ছুটি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী এবার সর্বোচ্চ ছুটির ব্যবস্থা নিশ্চিত করেছেন। ভবিষ্যতেও ছুটির এই ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে সনাতন ধর্মাবলম্বীদের দাবি যথাসময়ে পূরণ করা হবে বলে তিনি আশ্বাস দেন। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান ও বরাদ্দের পরিমাণও ধারাবাহিকভাবে বাড়ানো হবে বলে উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, দেশের সব ধর্মের মানুষের নাগরিক অধিকার ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।