জাতীয়

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, তথ্যের ঘাটতি খতিয়ে দেখছে সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পিএম

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, তথ্যের ঘাটতি খতিয়ে দেখছে সরকার
ছবি: সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়াকে দুঃখজনক উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, এ ঘটনায় তথ্য বিনিময়ে ঘাটতি ছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখতে সৌদি আরবের সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ।

সোমবার ১৯ অক্টোবর দুই দেশ সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিশেষ করে প্রধানমন্ত্রী পর্যায়ে ভালো ও গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও সৌদি আরব জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী দেশ। দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য বিনিময়ে ঘাটতি ছিল। কেন এই ঘাটতি হয়েছে, তা জানতে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

তিনি বলেন, তথ্য বিনিময় ও প্রক্রিয়ার কোনো একটি পর্যায়ে ঘাটতি ছিল বলে মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে হতাশাজনক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অভিযোগ বা অপরাধের অভিযোগের ভিত্তিতে এভাবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশের জন্য দুঃখজনক। পবিত্র মক্কায় মানুষ পবিত্র উদ্দেশ্য নিয়ে যান। সেখানে এ ধরনের কর্মকাণ্ড ঘটে থাকলে তা অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির পরিবার ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, রায় কার্যকর হয়ে যাওয়ায় এখন ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নেই। তবে প্রক্রিয়ার কোথায় ঘাটতি ছিল, তা খতিয়ে দেখা হবে।

দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমের খবরে তাদের পরিচয় সম্পর্কে জানা গেছে। কোনো সৌদি নাগরিক বাংলাদেশে অপরাধ করলে সৌদি আরবকে অবশ্যই জানানো হবে। একইভাবে কনস্যুলার সেবা পাওয়ার সুযোগও রয়েছে।

তিনি আরও বলেন, পবিত্র স্থানগুলোতে মানুষ পবিত্র নিয়ত নিয়ে যান। সেখানে গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সৌদি আরবে অবস্থানরত ব্যক্তিদের দেশটির স্থানীয় আইন মেনে চলতে হবে।

ভারতের সঙ্গে কনস্যুলার সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সংলাপে দুই পক্ষের আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।