জাতীয়

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব হোসাইন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পিএম

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব হোসাইন
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী রাকিব হোসাইন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে কাজী রাকিব হোসাইনকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে তিনি এ দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে যে শর্তটি আগে কার্যকর হবে, সেটিই প্রযোজ্য হবে।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।