জাতীয়
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বাসযোগে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। পরে তাঁকে বহনকারী বাস সৈয়দপুর থেকে রংপুরের পথে যাত্রা করে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে উড়োজাহাজে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে রংপুরে গিয়ে ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। পরিদর্শন শেষে তিনি আবার সৈয়দপুর বিমানবন্দরে ফিরে যাবেন এবং সেখান থেকে পরবর্তী গন্তব্য রাজশাহীর উদ্দেশে রওনা হবেন।
রাজশাহীতে পৌঁছে প্রধানমন্ত্রী হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করবেন। সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টার দিকে তিনি নগরীর ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। পরে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
রাজশাহী সফর শেষে প্রধানমন্ত্রী উড়োজাহাজে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পৌঁছে সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জ এলাকার জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন এবং জনসভাকে ঘিরে বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। সফরসূচি অনুযায়ী, এক দিনেই দেশের তিনটি বিভাগীয় শহরে ধর্মীয় আয়োজন পরিদর্শন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।