জাতীয়
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে রংপুরে যাওয়ার সময় কলেজের সামনে শিক্ষার্থীদের দেখে বাস থামান প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাঁদের হাতে বিভিন্ন খেলাসামগ্রী তুলে দেন তিনি।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের উদ্দেশে রওনা হন। পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের উপস্থিতি দেখে তিনি বাস থামানোর সিদ্ধান্ত নেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাঁদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন। প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখেন। এরপর তিনি বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাঁদের বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত হয়ে থাকবে।
অধ্যক্ষ আবুল কালাম আজাদ আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে কলেজের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টিও তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীদের আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে কলেজের জন্য দুটি ছাত্রাবাস এবং একটি হলরুম নির্মাণের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় দাবিগুলো লিখিতভাবে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সড়কপথে বাসযোগে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরের অংশ হিসেবে রংপুরের ধর্মসভা ও রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনের কথা রয়েছে তাঁর। পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে সেখান থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই স্বতঃস্ফূর্ত সাক্ষাৎ এবং খেলাসামগ্রী উপহার দেওয়ার ঘটনা স্থানীয়ভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছে। একই সঙ্গে কলেজের অবকাঠামোগত উন্নয়নে কর্তৃপক্ষের দাবিগুলো বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।