জাতীয়
ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করলে বিএনপিতে জায়গা হবে না: আইনমন্ত্রী
আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, দলের সব নেতাকর্মীকে তাঁর পক্ষেই কাজ করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থীর বিরোধিতা করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
মো. আসাদুজ্জামান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় নেতাকর্মীদের কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দেবেন। প্রতিটি ইউনিয়নের বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর নিজস্ব কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত থাকবে বলেও জানান তিনি। দলীয় নির্দেশনা অমান্য করে কেউ বিশ্বাসঘাতকতা করলে তাঁকে কোনোভাবেই ক্ষমা করা হবে না বলে সতর্ক করেন মন্ত্রী।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে-এমন প্রার্থীদেরই মনোনয়ন দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দলের বড় কোনো নেতা মনোনয়ন পেলেও যদি তাঁর জয়ের সম্ভাবনা কম থাকে, তাহলে শুধু পদমর্যাদার কারণে তাঁকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হবে না। দলকে জয় এনে দিতে সক্ষম, এমন প্রার্থীকেই অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, “আমার দল যদি না জেতে, তাহলে আমার মতো বড় নেতা দিয়ে কী হবে? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসত, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তাতে কিছু যায়-আসে না।”
দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, দল তাঁর কাছে সবচেয়ে বড় আমানত। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিকল্প অবস্থান নিলে কিংবা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ডের ওপর নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।