জাতীয়
পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে সৈয়দপুর থেকে সামরিক বিমানে রাজশাহীতে আসেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে দুপুর ২টা ৫৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ পিপিএম, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ফয়জুল কবির পিপিএম, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। জনসভা শেষে তিনি নগরীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। দুর্গোৎসব উপলক্ষে এই কর্মসূচিতে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময় গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে সড়কপথে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে আয়োজিত দুটি পথসভায় অংশ নেন।
পরে প্রধানমন্ত্রী রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছে জনসভা ও পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। রাজশাহীর কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রীর চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে রাজশাহীতে রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কর্মসূচি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। জনসভায় অংশগ্রহণের পাশাপাশি দুর্গোৎসবের আয়োজনে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময়ই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।