জাতীয়

জনকল্যাণমুখী হতে হবে রাজনীতি, নেতাদের পেছনে ঘোরার দিন শেষ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পিএম

জনকল্যাণমুখী হতে হবে রাজনীতি, নেতাদের পেছনে ঘোরার দিন শেষ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজনীতিবিদদের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, রাজনীতি করতে হলে মানুষের কাছে যেতে হবে এবং তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। নেতাদের পেছনে ঘুরে নেতা হওয়ার পুরোনো রাজনৈতিক সংস্কৃতির দিন শেষ হয়ে গেছে। জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমেই রাজনীতিবিদদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সনাতনী ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মধ্যে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য মোট ১৪০ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আগের দিনের হট্টগোলনির্ভর রাজনীতি এবং নেতাদের পেছনে ঘুরে নেতৃত্ব পাওয়ার সংস্কৃতির অবসান ঘটেছে। রাজনীতির মূল লক্ষ্য হতে হবে জনগণের সেবা করা। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধানে কাজ করতে হবে। মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পারলেই একজন রাজনীতিবিদ প্রকৃত অর্থে সফল হতে পারবেন।

এ সময় মাদক কারবারি, মাদকসেবী ও জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, মাদকদ্রব্য বিক্রি ও সেবন, জুয়া কিংবা অন্য কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশকে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করতে হবে। ইতোমধ্যে অনেক অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে ড. এম এ মুহিত বলেন, দেশের শিক্ষা ও স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ ও সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষকেরা সম্মানিত হলে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ পেলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ চলছে। সাধারণ মানুষ যাতে সহজে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে লক্ষ্যে স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে, যাতে স্থানীয় বাসিন্দাদের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখা যায়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধীজন উপস্থিত ছিলেন।