জাতীয়
এনআইডি সার্ভারের পাসওয়ার্ড শেয়ার করলেই শাস্তি, কর্মকর্তাদের সতর্ক করল ইসি
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে ব্যবহৃত ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে শেয়ার করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি-সংক্রান্ত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং অননুমোদিত ব্যক্তিদের সার্ভারে প্রবেশের সুযোগ বন্ধ করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইসি সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয়পত্রের সার্ভারে প্রবেশের জন্য ব্যবহৃত ইউজার আইডি ও পাসওয়ার্ড বিভিন্ন ফটোকপির দোকানেও পাওয়া যাচ্ছে-এমন তথ্য জানার পর বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে কমিশন। এতে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও এনআইডি-সংক্রান্ত কার্যক্রমের গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ একটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধন-সংক্রান্ত কার্যক্রমে ব্যবহৃত ইউজার আইডি (User ID) ও পাসওয়ার্ড (Password) কোনো অবস্থাতেই অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায় নিতে হবে-এ মর্মে প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের এই সতর্কবার্তার মূল লক্ষ্য হলো এনআইডি সার্ভারে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কারও মাধ্যমে সার্ভার ব্যবহারের ঝুঁকি কমানো। সার্ভারের লগইন তথ্য অননুমোদিত ব্যক্তির হাতে চলে গেলে জাতীয় পরিচয়পত্রের তথ্যের অপব্যবহার, অননুমোদিত সংশোধনসহ বিভিন্ন ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।
এদিকে, জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগও নিয়েছে কমিশন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য প্রণীত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বা মানসম্মত পরিচালনাপদ্ধতি পুনরায় সংশোধনের প্রস্তাব উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসি সংশ্লিষ্টদের মতে, এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ ও দ্রুত করার পাশাপাশি সার্ভারের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। তাই একদিকে সংশোধন কার্যক্রমের পদ্ধতি পর্যালোচনা, অন্যদিকে ইউজার আইডি ও পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষায় কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে কমিশন।