জাতীয়
কৃষক কার্ডের মাধ্যমে মোবাইলেই জানা যাবে আগামীকাল বৃষ্টি হবে কি না: প্রধানমন্ত্রী
৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই কার্ডের মাধ্যমে মোবাইল ফোনেই জানা যাবে আগামীকাল নির্দিষ্ট এলাকায় বৃষ্টি হবে কি না। এতে কৃষকেরা আবহাওয়ার তথ্য অনুযায়ী বীজ বপন ও সার প্রয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন।
মঙ্গলবার ২০ অক্টোবর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে কৃষি ও কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ কারণে কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক, ভূমিহীন ও বড় কৃষকদের তালিকা তৈরির কাজ এগিয়ে চলছে। আগামী কিছুদিনের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, তালিকা তৈরির কাজ শেষ হলে ধীরে ধীরে কৃষকদের হাতে কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পর্যায়ক্রমে ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে।
কৃষকদের কৃষি উপকরণ সহায়তার বিষয়ে তারেক রহমান বলেন, কোনো কৃষক বছরে দুটি বা তিনটি ফসল উৎপাদন করলে কৃষক কার্ডের মাধ্যমে অন্তত একটি ফসলের জন্য সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ দেওয়ার চেষ্টা করবে সরকার। এতে কৃষকদের আর্থিক চাপ কিছুটা কমবে।
তিনি আরও বলেন, কৃষক কার্ডের মাধ্যমে জমির ফসলের বিমা করার সুযোগ থাকবে। পাশাপাশি ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রেও কৃষকেরা সুবিধা পাবেন।
প্রধানমন্ত্রী বলেন, কৃষক কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস জানা যাবে। আগামীকাল বৃষ্টি হবে কি না, তা জানতে পারলে কৃষকেরা বীজ বপন বা সার প্রয়োগের বিষয়ে সময়মতো সিদ্ধান্ত নিতে পারবেন। এ ধরনের আরও প্রায় ১০টি সুবিধা থাকবে কৃষক কার্ডে।