জাতীয়
দুর্নীতি রুখতে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী
দুর্নীতি বন্ধ করতে হলে সবার আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, রাজনৈতিক নেতারা দুর্নীতিমুক্ত না হলে দুর্নীতি প্রতিরোধের উদ্যোগ সফল হবে না।
বুধবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের পাঠদান ও তাদের মানসিকতা বুঝে শিক্ষিত করে তোলা শিক্ষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বর্তমান সময়ের বিভিন্ন বাস্তবতা। তাই শিক্ষার্থীদের উপযোগী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের দায়িত্বশীল ব্যক্তিদের আচরণ ও শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়েও সতর্কবার্তা দেন আইনমন্ত্রী। তিনি বলেন, কোনো ব্যক্তি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে তা সহ্য করা হবে না। একইভাবে, প্রধান শিক্ষক যদি শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাট বা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন, সেটিও মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করতে হলে পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থ, ক্ষমতার অপব্যবহার কিংবা আর্থিক অনিয়মের কারণে যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ এবং দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।