জাতীয়
সুন্দরবনের আকরাম পয়েন্ট ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হেলিকপ্টারে করে সুন্দরবনের আকরাম পয়েন্ট ও আশপাশের এলাকা আকাশপথে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সুন্দরবন পরিদর্শন শেষে তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে সেখান থেকে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। এর আগে তিনি হেলিকপ্টারে করে সুন্দরবনের আকরাম পয়েন্ট ও সংলগ্ন এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রীর সুন্দরবন পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম। সুন্দরবন পরিদর্শন শেষে নলিয়ান থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বিকেলে তিনি মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন। এ সময় বন্দরের কার্যক্রম, অবকাঠামো এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ঘুরে দেখার কথা রয়েছে।
এ ছাড়া বিকেল ৩টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ইকোনমিক জোন এলাকা পরিদর্শন করবেন। তাঁর এ সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় সরকারি কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে।
দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সুন্দরবন, মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর এ সফরের কর্মসূচি শেষ হবে।