জাতীয়
দেশের ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব অনুষ্ঠিত হলো : মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের ইতিহাসে এই প্রথম কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারা দেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ বছর দেশের ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপন করা হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার বগুড়ার হোটেল মম-ইনের অডিটোরিয়ামে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম।
মীর শাহে আলম বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম-দেশের তিনটি পৃথক অঞ্চলে গিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। তাঁর মতে, এটি দেশের ধর্মীয় সম্প্রীতি ও সবার ধর্মীয় উৎসব পালনের স্বাধীনতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
বিগত জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, আগে একটি গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিজেদের পকেটের লোক বলে মনে করত। সেই অবস্থান থেকে বেরিয়ে এসে তাঁরা বিএনপির প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং ভোট দিয়ে দলটির ওপর বিশ্বাস রেখেছেন।
তিনি আরও বলেন, এই আস্থার প্রতিফলন হিসেবে সারা দেশে প্রায় ১ হাজার ২০০টি অতিরিক্ত পূজামণ্ডপে দুর্গোৎসব উদ্যাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষের এই আস্থা ও বিশ্বাসকে তাঁরা গুরুত্বের সঙ্গে দেখছেন। তারেক রহমানের নেতৃত্বাধীন জনগণের সরকার সেই বিশ্বাসের মর্যাদা দিতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।
দুর্গোৎসবের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে মীর শাহে আলম বলেন, প্রশাসনের সদস্যদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে বড় পরিসরে দুর্গোৎসব সম্পন্ন করা সম্ভব হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়াকে তিনি সেই সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেন।