জাতীয়
স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভোটাররা যেন নির্বিঘ্নে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে। একই সঙ্গে দলের সুনাম ও শৃঙ্খলা রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনে কঠোর অবস্থান নেবেন বলেও জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে বগুড়ার মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবসৃষ্ট স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কিংবা আইনবিরোধী কর্মকাণ্ডে জড়ালে দলীয় পরিচয়ের কারণে ছাড় পাওয়ার সুযোগ থাকবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকার কোনো আপস করবে না বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীরা নির্বাচিত হলে গ্রামাঞ্চলে উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত করা সহজ হবে। জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়বে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মীর শাহে আলম বলেন, বিএনপি সরকার দেশের সব উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। ইমাম ও মুয়াজ্জিনদের জন্যও বেতন-ভাতার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে সরকার কাজ করবে। পাঁচ বছর পর জনগণের কাছে আবার ভোট চাইতে যাওয়ার আগে প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
বক্তব্যে জামায়াতে ইসলামীর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, বেহেশতের প্রলোভন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে বলে তিনি মনে করেন। দুর্গাপূজার সময় জামায়াত নেতাকর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর ভাষ্য, ভোটের সময় তাঁরা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আয়োজনে অংশ নিলেও নির্বাচনের মৌসুম শেষ হলে সাধারণ মানুষের খোঁজখবর রাখেন না। এ কারণে তিনি তাঁদের ‘মৌসুমি রাজনীতিবিদ’ বলে মন্তব্য করেন। এ ছাড়া লংমার্চের নামে তেল-গ্যাস ইস্যুতে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও করেন প্রতিমন্ত্রী।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে জনগণের ভোটের প্রয়োজনীয়তাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি এবং জনগণের কাছে যাওয়ার প্রবণতাও ছিল না বলে তিনি মনে করেন। এর বিপরীতে বিএনপি জনগণের সমর্থনকে গুরুত্ব দেয়। এ কারণে জনগণের কাছে বারবার যাওয়ার, তাঁদের কথা শোনার এবং তাঁদের পাশে থাকার কথা জানান তিনি।
সুধী সমাবেশে মোকামতলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি এবং ময়লা পরিবহনের ভ্যানের উদ্বোধন করেন।