জাতীয়

মোংলায় প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পিএম

মোংলায় প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

মোংলা বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনকালে প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে মোংলা বন্দরের জেটি এলাকা পরিদর্শন শেষে বেজার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাওয়ার পথে তিনি গাড়ি থেকে নেমে উপস্থিত জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীর এ সময়ের উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দরের জেটি এলাকায় প্রবেশ করেন। সেখানে তিনি বন্দরের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। প্রায় ৫০ মিনিট ধরে বন্দরের জেটি এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় বন্দরের কার্যক্রম, অবকাঠামো ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

পরিদর্শন শেষে বিকেল সোয়া ৪টার দিকে মোংলা বন্দরের জেটি এলাকা থেকে বের হয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখে তিনি গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত ব্যক্তিদের অভিবাদন জানান এবং তাঁদের কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর এ আকস্মিকভাবে গাড়ি থেকে নেমে মানুষের সঙ্গে মিশে যাওয়ার ঘটনা উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করে। আনুষ্ঠানিক প্রটোকলের বাইরে এসে তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি। এ সময় উপস্থিত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার এবং তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পান।

প্রধানমন্ত্রীর মোংলা বন্দর ও বেজার বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর এ সফরে বন্দরের কার্যক্রম ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।