জাতীয়

মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পানিসম্পদমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পিএম

মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পানিসম্পদমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশে মাদকের বিস্তার রোধ এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকসহ যেকোনো ধরনের অপকর্মের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) চন্দ্রগঞ্জ উপজেলার তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইন ওয়েল ফেয়ার অর্গানাইজেশন আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রী নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন। এ উদ্যোগের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, সমাজে বিভ্রান্তি ছড়ানো এবং ধর্মের নামে অপব্যাখ্যা দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তাঁর অভিযোগ, একটি রাজনৈতিক দল ধর্মকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা দিচ্ছে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সচেতন থেকে সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানান তিনি।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শুধু সুন্দরভাবে কথা বললেই বিরোধী দলের দায়িত্ব পালন করা যায় না। জনগণের পাশে থেকে তাঁদের সমস্যা ও প্রত্যাশা নিয়ে কাজ করতে হয়। জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা পালন এবং মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সরকার কাজ করে যাচ্ছে। তবে বিরোধী দল সরকারের কাজে অসহযোগিতা করছে বলে তিনি অভিযোগ করেন। দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে দেশ অনেক কিছু হারিয়েছে। এখন আর নতুন করে হারানোর সুযোগ নেই। দীর্ঘদিনের সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব সবার। দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সরকার ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।