জাতীয়
শিশুদের মোবাইল আসক্তি কমাতে খেলাধুলার ওপর গুরুত্ব দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
শিশুদের মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো এবং শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শিশুদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় জুনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার সঙ্গে যুক্ত করা অত্যন্ত জরুরি। ছোটবেলা থেকেই সন্তানদের খেলাধুলার সুযোগ করে দিতে হবে। খেলাধুলার প্রতি শিশুদের ব্যাপক আগ্রহ ও আন্তরিকতা থাকলেও অনেক ক্ষেত্রে উপযুক্ত পরিবেশের অভাব রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রতিটি পরিবারের সন্তানদের জন্য সুন্দর ও নিরাপদ খেলার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, শিশুদের খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা গেলে তারা পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও ক্রীড়াচর্চায়ও মনোযোগী হবে। এর মাধ্যমে তারা মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থাকতে পারবে এবং সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন গড়ে তোলার সুযোগ পাবে।
দ্বিতীয় জুনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৭৯টি দলের মোট ১ হাজার ৩০২ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। এই আয়োজন শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, ক্রীড়াচর্চায় আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কারাতে খেলার গুরুত্ব তুলে ধরে আমিনুল হক বলেন, কারাতে শুধু একটি খেলা নয়, এটি আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি আত্মবিশ্বাস, নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে সহায়তা করে। শিশুদের মধ্যে এসব গুণের বিকাশ ঘটলে ভবিষ্যতে একটি সুস্থ, সচেতন ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠন সহজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কারাতে ফেডারেশনের সভাপতি প্রকৌশলী আব্দুস সুবহান, সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজনের গুরুত্বও অনুষ্ঠানে উঠে আসে।