জাতীয়

বগুড়ার শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পিএম

বগুড়ার শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে চোখের ত্রুটি নিয়ে জন্ম নেওয়া তিন বছর বয়সী শিশু আবু বক্করের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে অসহায় হয়ে পড়া দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই উদ্যোগে নতুন করে আশার আলো দেখছে আবু বক্করের পরিবার।

আবু বক্করের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিদেল গ্রামে। তার বাবা একজন দিনমজুর। দুই সন্তানকে নিয়ে সীমিত আয়ে সংসার চালাতে হয় তাকে। এর মধ্যে জন্মগত চোখের ত্রুটি নিয়ে বেড়ে ওঠা ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েন তিনি। সন্তানের চোখের চিকিৎসা চালিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছিল পরিবারটিকে।

পরিবার সূত্রে জানা গেছে, চোখের সমস্যার কারণে এরই মধ্যে আবু বক্করের তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। তবে চিকিৎসা এখনো শেষ হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আরও দুটি অস্ত্রোপচার করা গেলে শিশুটির চোখের অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে পরবর্তী চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার বাবা-মা।

এমন পরিস্থিতিতে শিশুটির চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেদন ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর আবু বক্করের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। এ কার্যক্রমের সমন্বয় করছেন অতিরিক্ত প্রেস সচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সংগঠনটির সদস্য সচিব মুকছেদুল মোমিন মিথুন। পাশাপাশি শিশুটির চিকিৎসাসংক্রান্ত বিষয়ে স্থানীয় পর্যায়ে সার্বিক খোঁজখবর রাখছেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর বগুড়ার প্রতিনিধি মো. রাশেদুজ্জামান পিয়াস।

চোখের উন্নত চিকিৎসার মাধ্যমে আবু বক্কর সুস্থ হয়ে উঠবে-এমন প্রত্যাশা তার পরিবারের সদস্যদের। আর্থিক সংকটের কারণে যে চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, প্রধানমন্ত্রীর উদ্যোগে তা এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এখন প্রয়োজনীয় অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার মাধ্যমে শিশুটির চোখের অবস্থার উন্নতি হবে বলে আশাবাদী তার স্বজনরা।