জাতীয়

অনলাইনে রেলের টিকিট কিনে বেশি দামে বিক্রি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পিএম

অনলাইনে রেলের টিকিট কিনে বেশি দামে বিক্রি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইনে ট্রেনের টিকিট কিনে অন্যের কাছে বেশি দামে বিক্রি ঠেকানো কঠিন বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং সফটওয়্যারে নতুন ব্যবস্থা যুক্ত করার বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

সোমবার ২৬ অক্টোবর রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, অনলাইনে টিকিট বিক্রির সময় একসঙ্গে লাখ লাখ মানুষ প্রবেশের চেষ্টা করায় চাপ তৈরি হয়। ঈদের সময় প্রতিদিন ৩২ হাজার টিকিটের বিপরীতে ৩৬ থেকে ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেন। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারেন। আবার একাধিক ব্যক্তি মিলে অনেক টিকিট কিনে পরে বেশি দামে বিক্রি করেন বলেও অভিযোগ রয়েছে।

তিনি বলেন, অনলাইনে টিকিট কেনার ক্ষেত্রে আগে প্রবেশকারীরা আগে কেনার সুযোগ পান। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অনিয়মের সত্যতা পাওয়া যায়নি। তবে বর্তমান ব্যবস্থাটি পুরোপুরি ত্রুটিমুক্ত নয়। পর্যায়ক্রমে এসব ত্রুটি দূর করার চেষ্টা চলছে।

মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণের বিষয়ে মন্ত্রী বলেন, আগে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে দুই জোড়া ট্রেন চলাচল করত। নতুন উদ্যোগের ফলে কক্সবাজার পর্যন্ত তিন জোড়া ট্রেন চলাচলের সুযোগ তৈরি হচ্ছে। পর্যায়ক্রমে এ সংখ্যা সাত জোড়ায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামের যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ এড়াতে ট্রেনের কোচের সংখ্যাও বাড়ানোর চেষ্টা চলছে।

রেল যোগাযোগের উন্নয়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, রেলওয়েকে মানসম্মতভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। নতুন লোকোমোটিভ ও কোচ আসছে এবং বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত ট্রেন চালুর বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

ট্রেনের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্টেশনে প্রবেশ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় যত্রতত্র মানুষের চলাচল ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। যাত্রীদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।

চলন্ত ট্রেনে পাথর ছুড়ে যাত্রীদের আহত করাকে অপরাধ উল্লেখ করে তিনি বলেন, সামাজিক সচেতনতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করতে হবে।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।