রাজনীতি

স্বাধীনতা যুদ্ধ আমাদের অর্জন, জুলাই সনদেই হতে হবে নির্বাচন: জামায়াত নেতা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পিএম

স্বাধীনতা যুদ্ধ আমাদের অর্জন, জুলাই সনদেই হতে হবে নির্বাচন: জামায়াত নেতা
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমাদের অর্জন, আমরা বারবার এ কথা বলেছি। বাংলাদেশকে মেনে নিয়েই সবাই রাজনীতি করছে, আমরাও তাই করছি।”

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, “আমরা বাংলাদেশের আইনি প্রক্রিয়া ও সাংবিধানিক কাঠামো মেনেই রাজনীতি করছি। মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকেই অস্বীকার করা হবে, আর সেটা কোনোভাবেই সম্ভব নয়। তাই পেছনের ইতিহাস টেনে আনার কোনো সুযোগ নেই।”

জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিলে সেই আলোকে অনুষ্ঠিত নির্বাচনই হতে পারে গ্রহণযোগ্য। “আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। তবে সেটা অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তির ওপর হতে হবে। যদি তা না হয়, তাহলে নির্বাচন কোনোভাবেই ক্রেডিবল (গ্রহণযোগ্য) হবে না।”

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে তা রাষ্ট্রীয় দলিল হিসেবে স্বীকৃতি পাবে। “জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার এবং জবাবদিহিমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা চাই, অতীতের ফ্যাসিবাদী ধারা থেকে বের হয়ে একটি নতুন সূচনা হোক।”

আইনি ভিত্তির পদ্ধতি ব্যাখ্যা করতে গিয়ে জামায়াতের এই নেতা বলেন, “সংবিধানের অনুচ্ছেদ–৭–এ জনগণের পরম অভিপ্রায়ের কথা বলা আছে। এর ভিত্তিতে যদি সাংবিধানিক আদেশ জারি হয়, তবে সেটি সবচেয়ে শক্তিশালী হবে। সরকার চাইলে পরে এটিকে গণভোটেও নিতে পারে। এতে কোনো আইনি চ্যালেঞ্জ বা প্রশ্ন তোলার সুযোগ থাকবে না।”

হামিদুর রহমান আযাদের মতে, জুলাই সনদ আইনি ভিত্তি পেলে সেটি হবে ভবিষ্যতের সুশাসন, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ।