রাজনীতি
একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত: তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আবারও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, পিআরসহ যেসব বিষয়ে ঐক্যমত হয়নি, সেসব বিষয়ে আন্দোলন ও আলোচনা একসঙ্গে চলবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইউরোপয়ীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির।
সাংবাদিকদের তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদের সাথে।
আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ঐকমত্য কমিশনের বৈঠকে ৩১টির মধ্যে ২৬টি দল পিআরের পক্ষে। এর মধ্যে কিছু দল শুধু উচ্চকক্ষে, জামায়াতসহ কিছু দল উভয় কক্ষে পিআর চায়।
নায়েবে আমির আরও বলেন, জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দলগুলোর এই মানসিকতা পরিবর্তন জরুরি। এ সময়, ইউরোপিয়ান পার্লামেন্ট প্রতিনিধি দলের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।