রাজনীতি
ছাত্রসংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে: জামায়াত আমির
সম্প্রতি অনুষ্ঠিত ছাত্রসংসদ (ডাকসু ও জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয়কে ‘নতুন দিনের ইঙ্গিত’ আখ্যা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগ আয়োজিত দিনব্যাপী মজলিশে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির জয়লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত। আমরা মনে করি, এই নির্বাচনের ইতিবাচক প্রভাব ইনশা আল্লাহ আগামী জাতীয় নির্বাচনেও পড়বে।”
তিনি আরও বলেন, “আমরা যাদের ভালোবাসি এবং যারা আমাদের ভালোবাসেন, তাদের নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার আশা করছি।”
জামায়াত আমির দাবি করেন, “২০২৪ সালের ৫ আগস্ট আমরা অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন, কেউ কেউ চোখ, হাত বা পা হারিয়েছেন। আমাদের নেতারা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নানা নিপীড়ন সহ্য করেছেন। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা তুলনামূলক মুক্ত পরিবেশে কাজ করতে পারছি।”
তবে তিনি কর্মীদের অতিরিক্ত উচ্ছ্বাস থেকে বিরত থাকার আহ্বান জানান। বলেন, “ফল দেওয়ার মালিক আল্লাহ। আমাদের কাজ শুধু দায়িত্ব পালন করা। বিনয়ী হতে হবে, জনগণের সেবক হতে হবে।”
‘রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন ২০২৬’ শীর্ষক এ অধিবেশনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দারসুল কোরআন পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা এ টি এম মা’ছুমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।