রাজনীতি

অন্তর্বর্তী সরকারের ৪-৫ উপদেষ্টা বিশেষ দলের পক্ষে কাজ করছেন: ডা. তাহের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম

অন্তর্বর্তী সরকারের ৪-৫ উপদেষ্টা বিশেষ দলের পক্ষে কাজ করছেন: ডা. তাহের
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এসব উপদেষ্টা জনপ্রশাসনকে দলীয়করণ করে অন্তর্বর্তী সরকারকে একটি রাজনৈতিক দলে পরিণত করার চেষ্টা করছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর মৎস্য ভবনের সামনে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

ডা. তাহের বলেন, “অন্তর্বর্তী সরকারের ৪ থেকে ৫ জন উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন—তাদের কণ্ঠ রেকর্ডও আমাদের কাছে রয়েছে। আমরা এখনো সংশোধনের সুযোগ দিতে চাই, কিন্তু সময়মতো সাবধান না হলে তাদের নাম প্রকাশ করা হবে। জুলাই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে পরিণতি হবে তার চেয়েও ভয়াবহ।”

তিনি আরও বলেন, “কোনো একটি দলের ইঙ্গিতে প্রশাসনকে পুনরায় দলীয়করণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এভাবে গঠিত সরকার দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নীলনকশার মাধ্যমে নির্বাচনের চেষ্টা চলছে, কিন্তু দেশের জনগণ এমন নির্বাচনে অংশ নেবে না, গ্রহণও করবে না।”

জামায়াত নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সরকার যদি আমাদের ৫ দফা দাবি না মানে, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

উল্লেখ্য, জামায়াতে ইসলামী সম্প্রতি তাদের ৫ দফা দাবি উত্থাপন করেছে, যার অন্যতম হলো পিআর পদ্ধতিকে (সংখ্যানুপাতিক প্রতিনিধি ব্যবস্থা) জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে বাস্তবায়ন।