রাজনীতি
জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জামায়াত: গোলাম পরওয়ার
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে জামায়াতে ইসলামী, তবে সনদে স্বাক্ষর করবে কি না—সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দলটি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে গোলাম পরওয়ার বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। নভেম্বরই গণভোটের উপযুক্ত সময়।”
তিনি আরও দাবি করেন, ঐকমত্য কমিশনের সকল প্রস্তাব গণভোটের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করা উচিত। পাশাপাশি তিনি অভিযোগ করেন, সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তি একটি রাজনৈতিক দলের নির্দেশনায় প্রশাসনে বদলি ও পদায়ন করছেন, যা প্রশাসনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করছে।
এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তার মতে, “গণভোটের মাধ্যমেই সনদের আইনি বৈধতা দিতে হবে। আর গণভোটে বাধা দিলে বিএনপির পরিণতিও হবে আওয়ামী লীগের মতো।”
জুলাই সনদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন আলোচনা তুঙ্গে, তখন জামায়াতের এই অবস্থান নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।