রাজনীতি

খুলনা-১ আসনে আমাকে চূড়ান্ত করেছে জামায়াত: কৃষ্ণ নন্দী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

খুলনা-১ আসনে আমাকে চূড়ান্ত করেছে জামায়াত: কৃষ্ণ নন্দী
ছবি: সংগৃহীত

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন ডুমুরিয়ার জামায়াত হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী।

বিভিন্ন সভা-সমাবেশে দলের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়ার পর তার মনোনয়ন পাওয়ার গুঞ্জন আরও জোরদার হয়। এবার সেই গুঞ্জন সত্যি হওয়ার ইঙ্গিত দিলেন তিনি নিজেই। গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে কৃষ্ণ নন্দী নিশ্চিত করেছেন যে, তাকে দলীয়ভাবে চূড়ান্ত করা হয়েছে।

তিনি বলেন, “খুলনা-১ আসনের জন্য আমাকে চূড়ান্ত করা হয়েছে। জামায়াত আনুষ্ঠানিক ঘোষণা দিলেই সবাই জানতে পারবেন।”

শিগগিরই নির্বাচনী প্রচারণায় নামার প্রস্তুতি নিয়েছেন বলেও জানান কৃষ্ণ নন্দী। তিনি বলেন, “জামায়াত আমির ও সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আমাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। এরপরই প্রচারণায় নামব।”

কেন্দ্রীয় নেতারা কখন এলাকায় আসতে পারেন- এমন প্রশ্নে তিনি জানান, “খুব দ্রুতই আসবেন।”

রাজনৈতিক অঙ্গনে কৃষ্ণ নন্দীর সক্রিয়তা এবং মাঠপর্যায়ে প্রভাব বাড়ানোর প্রচেষ্টাকে কেন্দ্র করে জামায়াতের অভ্যন্তরীণ কৌশল নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। বিশেষ করে প্রার্থী চূড়ান্ত করার আগে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের মতামত একীভূত করার প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই কৃষ্ণ নন্দী নিজ অবস্থান শক্ত করতে এলাকায় সক্রিয়ভাবে কাজ করছেন।

জামায়াতের এক কেন্দ্রীয় নেতা বলেন, কৃষ্ণ নন্দী এখনো দলের প্রাথমিক বিবেচনায় আছেন। তবে মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, তাই এখনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়নি।

এদিকে খুলনার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। শুধু খুলনা-১ (বটিয়াঘাটা–দাকোপ) আসনটি এখনো তাদের আলোচনায় রয়েছে এবং চূড়ান্ত নাম ঘোষণা করা হয়নি।