রাজনীতি

লন্ডন-দিল্লিতে নয়, রাজনীতি করতে হবে দেশের মাটিতে: সাদিক কায়েম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম

লন্ডন-দিল্লিতে নয়, রাজনীতি করতে হবে দেশের মাটিতে: সাদিক কায়েম
ডাকসু ভিপি সাদিক কায়েম । ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট আবু সাদিক কায়েম শনিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত জামায়াতে ইসলামের তারুণ্য উৎসব ও নির্বাচনী সমাবেশে বক্তৃতা কালে বলেছেন, “এই দেশে এসে রাজনীতি করতে হবে। লন্ডন, দিল্লি বা অন্য কোনো প্রান্তে বসে আর রাজনীতি করা সম্ভব নয়। গত ১৬ বছরে আমরা তরুণরা ভোট দিতে পারিনি। এখন সময় এসেছে, আমাদের অগ্রণী ভূমিকা পালনের।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে রাজনীতি করতে হলে ইনসাফের মূলমন্ত্র ধারণ করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে এ দেশের মাটি, মানুষ ও ভাষার সঙ্গে মিল রেখে রাজনীতি করতে হবে। আমাদের এখানে এসে বাস্তব রাজনীতি করতে হবে।”

ডাকসুর ভিপি বলেন, “গত ১৬ বছরে যে ফ্যাসিবাদী কাঠামো আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছিল, তা শিক্ষা, অর্থনীতি ও সাংস্কৃতিক ব্যবস্থার ক্ষতি করেছে। তাই আমাদের ইনসাফের প্রতিনিধিদেরকে বাছাই করে বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করতে হবে। ইতিমধ্যেই ইনসাফের প্রতিনিধিরা তাদের কর্মকাণ্ড দিয়ে জনগণের আস্থা অর্জন করেছে। বিপ্লবের আগে ও পরে তাদের অবস্থায় কোনো পরিবর্তন নেই।”

সাদিক কায়েম আরও মন্তব্য করেন, “বিশেষ করে এই অঞ্চলে গত ৫৪ বছরে ভারতের দমননীতি ও নির্যাতনের বিরুদ্ধে ইনসাফের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়েছে। তাই আমাদের ইনসাফের প্রতিনিধিদেরকে শক্তিশালী করে নির্বাচনে বিজয়ী করতে হবে। তরুণরা যে পথে এগোবে, পুরো বাংলাদেশও সেই পথে যাবে।”

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন বলেন, “আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের কোনো নেতৃত্ব চাই না। বিশ্ববিদ্যালয় ও সমাজকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করতে ইনসাফের প্রতিনিধিদের বাছাই করা হয়েছে। আগামীতে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই নীতি বজায় থাকবে ইনশাআল্লাহ।”

উক্ত তারুণ্য উৎসব ও নির্বাচনী সমাবেশে জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি মো. আলমগীর হোসেন, ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।