রাজনীতি

জামায়াতে যোগ দিলে সব দায়দায়িত্ব নেওয়ার ঘোষণা: সাবেক এমপি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

জামায়াতে যোগ দিলে সব দায়দায়িত্ব নেওয়ার ঘোষণা: সাবেক এমপি
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা লতিফুর রহমান এক বিতর্কিত ও চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আওয়ামী লীগ বা বিএনপি থেকে কেউ জামায়াতে যোগ দিলে তাঁদের জেল-জুলুমসহ সব ধরনের আইনি ও প্রশাসনিক দায়দায়িত্ব জামায়াত বহন করবে।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

‘সব দায়িত্ব আমরা নেব’ ভাইরাল হওয়া ভিডিওতে লতিফুর রহমানকে বলতে শোনা যায়, "আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন। আপনাদের সব দায়দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা—যেকোনো দায়দায়িত্ব আমরা নেব ইনশা আল্লাহ।"

তিনি আরও যোগ করেন, "জামায়াতকে আইগল্যা (আগের) জামায়াত মনে করিয়েন না। এখনকার জামায়াত অনেক শক্তিশালী।"

অন্য একটি ভিডিওতে এই জামায়াত নেতা দাবি করেন, স্থানীয় প্রশাসন এখন তাঁর কথায় চলে। তিনি বলেন, "নবাবগঞ্জের সমগ্র সমস্যা এখন লতিফুর রহমান দেখে। হ্যালো ওসি সাহেব, হ্যালো এসপি সাহেব, হ্যালো ডিআইজি সাহেব—সবাই লতিফুর রহমানকে ফোন করে। এখন কোনো লিডারের কাছে মানুষ যায় না।"

তিনি আরও আশ্বস্ত করেন যে, আওয়ামী লীগ থেকে যারা আসবেন, তাঁদের কোর্ট-কাচারি ও থানার যাবতীয় ঝামেলা তিনি নিজে সামলাবেন। বৈঠকে তিনি উপস্থিতিদের উদ্দেশে বলেন, "আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না। এটি কোরআনের কথা।"

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে এই বক্তব্যের বিষয়ে তাঁর সাথে যোগাযোগ করা হলে লতিফুর রহমান বলেন, "আমি শুধু আওয়ামী লীগ নয়, বিএনপির লোকজনকেও ইসলামের পথে আসার আহ্বান জানিয়েছি।" তবে এখন পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো বড় নেতা জামায়াতে যোগ দিয়েছেন কি না, জানতে চাইলে তিনি 'না' সূচক উত্তর দেন।

লতিফুর রহমানের এই বক্তব্য স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে প্রশাসনের ওপর প্রভাব খাটানোর দাবি এবং অন্য দলের নেতাকর্মীদের 'দায়িত্ব নেওয়ার' বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।