রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নতুন সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নতুন সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিক
মুহা. মহিউদ্দিন (বামে) এবং আশিকুর রহমান। ছবি: সংগৃহীত

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দিন, এবং শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আশিকুর রহমান। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পাচ্ছেন মু. সাজ্জাদ হোসাইন খাঁন।

সোমবার (৫ জানুয়ারি) শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

নির্বাচনের মাধ্যমে সর্বাধিক ভোট প্রাপ্ত মুহা. মহিউদ্দিনকে সভাপতি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়। সদস্যদের পরামর্শক্রমে শাখার সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে যথাক্রমে আশিকুর রহমান ও মু. সাজ্জাদ হোসাইন খাঁনকে মনোনয়ন দেওয়া হয়।

সমাবেশ দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।