রাজনীতি
নিরাপত্তা ঝুঁকির কারণে গানম্যান পেলেন জামায়াত আমির
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য একজন সশস্ত্র গানম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমানের ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি ও সম্ভাব্য হুমকি বিদ্যমান থাকায় তার ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তাকে একজন সশস্ত্র দেহরক্ষী বা গানম্যান দেওয়া হয়েছে। পাশাপাশি তার বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্র আরও জানায়, এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) ডা. শফিকুর রহমানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে একটি প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়। ওই প্রতিবেদনে তার জীবনের ওপর উচ্চমাত্রার ঝুঁকির বিষয়টি উঠে আসে। প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই তাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এসবির সুপারিশ অনুযায়ী গত রোববার (১২ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)-এর কাছে ডা. শফিকুর রহমানের জন্য গানম্যান নিয়োগসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে একটি আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তা কার্যকর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থার আওতায় ডা. শফিকুর রহমান এখন থেকে সার্বক্ষণিক একজন সশস্ত্র গানম্যানের নিরাপত্তা পাবেন এবং তার বাসভবনে থাকবে অতিরিক্ত পুলিশি পাহারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়নের জন্য পুলিশ সদর দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।