রাজনীতি
যুবকদের বেকার ভাতা না দিয়ে দক্ষ হিসেবে গড়ে তুলব: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যুবকদের বেকার ভাতা দেব না, বরং তাদের দক্ষ হিসেবে গড়ে তুলব। এরপর তারা গৌরবের সঙ্গে দেশে বা বিদেশে সম্মানের সাথে কাজ করবে।’
শনিবার ( ২৪ জানুয়ারি) বেলা ১১টায় গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় জামায়াতে ইসলামীর আমির এ কথা বলেন।
জামায়াত আমির শফিকুর রহমান বলেন, ‘উত্তরবঙ্গকে তিলে তিলে হত্যা করা হয়েছে। উন্নত শিক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও সামান্য চাকরির জন্য এখানকার মানুষ রাজধানীতে ছুটছে। আমরা মহান আল্লাহর ওপর ভরসা করে কথা দিচ্ছি, ঘরে বসে আপনারা উত্তরবঙ্গকে রাজধানী বানাবেন ইনশা আল্লাহ। আমরা যুবকদের বেকার ভাতা দেব না, বরং তাদের দক্ষ হিসেবে গড়ে তুলব। এরপর তারা গৌরবের সঙ্গে দেশে বা বিদেশে সম্মানের সাথে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘গত সাড়ে ১৫ বছরে দেশ ও জাতি ফ্যাসিবাদের কবলে পড়ে নির্যাতিত হয়েছে। আমি নির্যাতিত মানুষের প্রতিনিধি হয়ে এসেছি। যারা বাবা হারিয়ে কচি শিশু হিসেবে এতিম হয়েছে, তাদের কাহিনি শোনাতে এসেছি। আমি ১০ দলের পক্ষ থেকে তাদের সান্ত্বনা দিতে এসেছি। গত তিনটি নির্বাচনে আমাদের যুবসমাজ, সাধারণ জনগণ তাদের ভোট দিতে পারেনি। দীর্ঘ অপেক্ষার পর এবার আগামী ১২ ফেব্রুয়ারি ভোট হচ্ছে। ১২ তারিখ শহীদদের সম্মান জানিয়ে, আমরা পুরানো ৫৪ বছরের দুর্নীতি, চাঁদাবাজি, অত্যাচার প্রভৃতি দূর করার জন্য “হ্যাঁ” ভোট দেব ইনশা আল্লাহ। “হ্যাঁ” ভোটের পক্ষে জোয়ার তুলতে হবে এবং পুরানো সব ব্যবস্থা যাতে ভেসে যায়, সেই প্রচেষ্টা চালাতে হবে।’
অনেক নেতা-কর্মী জেল খেটেছেন, হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন উল্লেখ করে শফিকুর রহমান বলেন, প্রিয় দেশ ত্যাগ না করে তাঁরা এই মাটিকে ভালোবাসেন। আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকব ইনশা আল্লাহ। মায়েদের জন্যও আমরা ঘরে-বাইরে সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই এবং আমাদের সঙ্গে তারা রাষ্ট্রের সকল কাজে শরিক থাকবেন ইনশা আল্লাহ।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম জনসভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমির আবদুর রহিম সরকার, গাইবান্ধা-২ (সদর) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমির মো. আবদুর করিম, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়ারেছ এবং গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাজেদুর রহমান।