রাজনীতি

জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিতে পারেন মান্না!


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম

জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিতে পারেন মান্না!
ছবি: সংগৃহীত

মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন রাজনৈতিক দল নাগরিক ঐক্য জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটে যোগ দিতে পারে-এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

বিষয়টি বাস্তবায়িত হলে বর্তমানে ১১ দল নিয়ে গঠিত এই নির্বাচনী জোট ১২ দলীয় জোটে রূপ নিতে পারে।

জানা গেছে, মাহমুদুর রহমান মান্না ইতোমধ্যে জামায়াত জোটের একাধিক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন। আগামী এক–দু’দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।

নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না মূলত বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। বগুড়া-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন অধ্যক্ষ শাহাদাতুজ্জামান এবং ঢাকা-১৮ আসনে জোট শরিক হিসেবে এনসিপির নেতা আরিফুল ইসলাম আদীব প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুই আসনকে ঘিরে সমঝোতার ভিত্তিতেই জোটে যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা এগোচ্ছে বলে জানা গেছে।

এর আগে গত বুধবার (২১ জানুয়ারি) নাগরিক ঐক্য আনুষ্ঠানিকভাবে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে সরে আসার ঘোষণা দেয়। একই সঙ্গে দলটি ১১টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার কথাও জানায়।

দলীয় সূত্রে জানা গেছে, আসন সমঝোতা নিয়ে দীর্ঘদিনের মিত্র বিএনপির সঙ্গে মতবিরোধের জেরেই নাগরিক ঐক্য এই সিদ্ধান্ত নেয়। বিশেষ করে বগুড়া-২ আসনে বিএনপি ধানের শীষ প্রতীকে শাহ আলমকে মনোনয়ন দেওয়া এবং শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করায় দ্বন্দ্ব আরও ঘনীভূত হয়।

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক দফা যোগাযোগ করেও সমাধানে পৌঁছাতে না পেরে মাহমুদুর রহমান মান্না সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘একা চলো’ নীতিতে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন। ওই সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি নিজে ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি নাগরিক ঐক্যের অন্য প্রার্থীরা আরও ১০টি আসনে ‘কেটলি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

এমন পরিস্থিতিতে নাগরিক ঐক্যের জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগদানের সম্ভাবনা নতুন করে রাজনৈতিক সমীকরণে আলোড়ন তুলেছে। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার, যা নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।