রাজনীতি

৬ ফেব্রুয়ারি বরিশাল সফরে যাবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৫০ এএম

৬ ফেব্রুয়ারি বরিশাল সফরে যাবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

আগামী ৬ ফেব্রুয়ারি বরিশাল সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ, পটুয়াখালী ও পিরোজপুর জেলায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

সোমবার (২৬ জানুয়ারি) বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সফরের শুরুতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বরিশালের মেহেন্দিগঞ্জে যাবেন। এরপর তিনি পটুয়াখালী সফর করবেন এবং সেখান থেকে পিরোজপুরে নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন। একদিনের সফর শেষে ওইদিনই তিনি ঢাকায় ফিরে যাবেন।

এদিকে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন জানান, আগামী ৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর.সি কলেজ মাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করবেন।

জহির উদ্দিন ইয়ামিন আরও জানান, জামায়াত আমিরের নির্বাচনী জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে বাস্তবায়ন কমিটি গঠনসহ প্রয়োজনীয় প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।