রাজনীতি
ডাকসু নিয়ে বেফাঁস মন্তব্যে পদ হারালেন জামায়াত নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দলীয় পদ হারালেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান। একই সঙ্গে তাঁর জামায়াতের সদস্য (রুকন) পদও স্থগিত করা হয়েছে। ঘটনাটি রাজনৈতিক অঙ্গন ও শিক্ষাঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহিবুল্লাহ হারুনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নির্দেশনা ও জেলা কর্মপরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শামীম আহসানের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে গত ২৫ জানুয়ারি বরগুনার পাথরঘাটা উপজেলায় আয়োজিত এক জনসভায় শামীম আহসান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সম্পর্কে আপত্তিকর ও বেফাঁস মন্তব্য করেন। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু সম্পর্কে দেওয়া ওই বক্তব্য সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী এবং এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও রাজনৈতিক দায়বদ্ধতার অংশ হিসেবেই শামীম আহসানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, “দলীয় নীতি ও আদর্শের বাইরে গিয়ে কেউ বক্তব্য দিলে তার দায় সংগঠন বহন করে না। এ ঘটনায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”