রাজনীতি

গোপালগঞ্জে জামায়াত আমির শফিকুর রহমানের পথসভা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ এএম

গোপালগঞ্জে জামায়াত আমির শফিকুর রহমানের পথসভা
ছবি: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে জামায়াতের সঙ্গে যা কিছু অন্যায় ও অবিচার ঘটেছে, সেসব দলের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, জামায়াত কখনো প্রতিশোধের রাজনীতি করবে না এবং চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গেও জড়াবে না। ন্যায়নীতি ও আদর্শের প্রশ্নে দল তার অবস্থানে অটল থাকবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় ডা. শফিকুর রহমান গোপালগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল হামিদকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি প্রার্থীর হাতে দলের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামী আদর্শের পক্ষে কাজ করার আহ্বান জানান।

এর আগে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন ইউনিট থেকে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

জামায়াত আমিরের আগমন উপলক্ষে মুকসুদপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি এপিবিএন সদস্য মোতায়েন করা হয় এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়, যাতে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জনগণের কল্যাণে জামায়াতে ইসলামী সব সময় শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাজনীতিতে বিশ্বাস করে। জনগণের সমর্থন ও দোয়ায় আগামী দিনে দেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই দলের মূল লক্ষ্য।